কয়রায় ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
সূত্রঃ সংগৃহীত
কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের দিঘির পাড় গ্রামে জমিতে ধান রোপণের সময় বজ্রপাতে মো. হারুন সানা (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন সানা দিঘির পাড় গ্রামের মো. বারিক সানার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির মধ্যে নিজের জমিতে ধান রোপণের কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হারুন সানার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের মাতম।
এদিকে এ ঘটনার পর এলাকায় স্থাপিত সরকারি বজ্রনিরোধক দণ্ডের (লাইটনিং অ্যারেস্টার) কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, বজ্রপাত থেকে কৃষকদের সুরক্ষায় এসব দণ্ড স্থাপন করা হলেও এগুলোর কার্যকারিতা ও রক্ষণাবেক্ষণ যথাযথভাবে হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
স্থানীয় কৃষকদের অভিযোগ, খোলা মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে। এ কারণে বজ্রপাত মোকাবিলায় সরকারি উদ্যোগে স্থাপিত বজ্রনিরোধক দণ্ডগুলো নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি প্রকল্পের মান ও কার্যকারিতা যাচাই করা জরুরি।
এমকে/বিএম২৪








