চুরি হওয়া ভ্যানের বদলে নতুন ভ্যান পেল শিশু সাকিব, পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দল নেতা ইস্তি

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২২ পিএম
চুরি হওয়া ভ্যানের বদলে নতুন ভ্যান পেল শিশু সাকিব, পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দল নেতা ইস্তি

সংগৃহীত

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


খুলনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম শিশু ভ্যানচালক সাকিবের ভ্যান চুরি হওয়ার পর তার পাশে দাঁড়িয়েছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইশতিয়াক আহমেদ ইস্তি। খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় সাকিবকে নতুন একটি ভ্যান উপহার দেন তিনি।


গত ১ অক্টোবর খুলনার বয়রা এলাকা থেকে সাকিবের ভ্যানটি চুরি হয়ে যায়। পরিবারের একমাত্র আয়ের অবলম্বন হারিয়ে জীবিকা নির্বাহ নিয়ে চরম বিপাকে পড়ে সাকিবের পরিবার।


বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় সাকিবের জীবিকার পথ সচল রাখতে এগিয়ে আসেন স্বেচ্ছাসেবক দল নেতা ইশতিয়াক আহমেদ ইস্তি। তিনি সাকিবের হাতে নতুন একটি ভ্যান তুলে দেন।


নতুন ভ্যান পেয়ে আবারও উপার্জনের সুযোগ তৈরি হয়েছে শিশু সাকিবের। পরিবারের জীবিকা নির্বাহে তার এই ভ্যানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


অসহায় একটি পরিবারের পাশে দাঁড়িয়ে সাকিবের জীবিকা পুনরুদ্ধারে নেওয়া এ উদ্যোগ স্থানীয়ভাবে মানবিক সহায়তার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।


এমকে/বিএম২৪