ডুবন্ত কন্টেইনারে ৩০ লাখ ইয়াবা পাচারের অভিনব কৌশল, আটক ৩

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম
ডুবন্ত কন্টেইনারে ৩০ লাখ ইয়াবা পাচারের অভিনব কৌশল, আটক ৩

সংগৃহীত

 নিজস্ব প্রতিবেদক


মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে পানির নিচ দিয়ে বিশেষ ধরনের ডুবন্ত ক্যারিয়ার ব্যবহার করে ইয়াবা পাচারের অভিনব কৌশল নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। অভিযানে ২ লাখ ২০ হাজার ইয়াবা, ১১ রাউন্ড গুলি এবং পাচারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, গত ১২ অক্টোবর রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) আওতাধীন পালংখালী ও বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ৯টি কপিকল, বিশেষ ধরনের ডুবন্ত ক্যারিয়ার, প্রায় দুই কিলোমিটার স্টিলের তার, উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি ও ইলেকট্রিক মোটর উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, ইলেকট্রিক মোটর, স্টিলের তার ও কপিকলের সাহায্যে বিশেষ ক্যারিয়ারটি পানির নিচ দিয়ে ফাইস্যা খাল হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত টেনে নেওয়া হতো। এই কৌশলে একসঙ্গে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করা সম্ভব বলে ধারণা করছে সীমান্তরক্ষী বাহিনী। তাদের হিসাবে, এ ধরনের একটি ক্যারিয়ারে একসঙ্গে প্রায় ৩০ লাখ ইয়াবা পরিবহন করা সম্ভব।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এসব তথ্য জানান।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাঁদের উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত উখিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২৮ জনকে আটক করা হয়েছে।


এমকে/বিডিমেইল২৪