বিলাইছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

সংগৃহীত

চাই সুই উ মারমা, রাঙ্গামাটি প্রতিনিধি


ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গামাটির বিলাইছড়িতে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।


মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, এমপি প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাজমুল হাসান, বিলাইছড়ি থানার পুলিশ পরিদর্শক তৌকির আহমেদ এবং ফ্যামিলি কার্ড নিয়োগ কমিটির সদস্য প্রীতি তঞ্চঙ্গ্যাসহ অন্যরা।


উপজেলায় একজন সুপারভাইজারসহ মোট ১৫ জনকে নিয়োগ দেওয়ার পর তাঁদের এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।


প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, সরকারের এ কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের জন্য বাড়ি বাড়ি গিয়ে নির্ভুল তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের ভুল তথ্য প্রদান বা স্বজনপ্রীতি করা যাবে না। তাঁদের সংগৃহীত তথ্যের নির্ভুলতার ওপরই কর্মসূচির সফলতা অনেকাংশে নির্ভর করবে।


প্রশিক্ষণ শেষে তথ্য সংগ্রহের কাজ পরিচালনার জন্য প্রশিক্ষণার্থীদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়।


এমকে/বিডিমেইল২৪