অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবিতে কুবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম
অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবিতে কুবিতে মানববন্ধন

সংগৃহীত

আকরাম চৌধুরী, কুবি প্রতিনিধি


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।


মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলা ভাষা-সাহিত্য পরিষদের সহসভাপতি সাইফুল মালেক আকাশের সঞ্চালনায় কর্মসূচিতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশ নেন।


মানববন্ধনে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম মাওলাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।


এ সময় শিক্ষার্থীরা ‘বিচারের নামে প্রহসন, মানি না মানবো না’, ‘বিচার বিচার বিচার চাই, অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘জানোয়ারের ক্ষমা নাই, অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘অপ্রতিমের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘খুনির কোনো ছাড় নাই, ফাঁসি ছাড়া নিস্তার নাই’ এবং ‘ন্যায়ের জন্য লড়াই হবে, হত্যাকারীর ফাঁসি হবে’সহ বিভিন্ন স্লোগান দেন।


মানববন্ধনে বক্তারা অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা, অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণ এবং অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তাঁরা।


মানববন্ধনে বাংলা বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী মোসাব আহমেদ সোহাগ বলেন, “আজ থেকে প্রায় এক মাস আগে অপ্রতিমকে হত্যা করা হয়। এরপরও বিচারের দাবিতে আমাদের মানববন্ধন করতে হচ্ছে, যা আসলে লজ্জাজনক। এক মাস পেরিয়ে গেলেও বিচার বিভাগ দ্বিচারিতা করছে। তারা আমাদের সামনে কিছুই প্রকাশ করতে চাচ্ছে না। অভিযুক্তদের কিশোর প্রমাণ করার চেষ্টা চলছে। আমরা চাই, বায়োলজিক্যাল টেস্টের মাধ্যমে তাদের প্রকৃত বয়স নির্ধারণ করে বিচারের আওতায় আনা হোক।”


বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী শানীন অশ্রু বলেন, “অভিযুক্তরা ১৮ বছরের নিচে হলেও প্রচলিত আইন পরিবর্তন করে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা চাই, এই হত্যাকাণ্ডের কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে না যায়। তারা শাস্তির সম্মুখীন না হলে ভবিষ্যতে আরও বড় অপরাধে জড়াতে পারে। তাদের মধ্যে এমন বিশ্বাস তৈরি হতে পারে যে দেশের প্রচলিত আইন তাদের কিছুই করতে পারবে না। এ ধরনের পরিস্থিতি ভবিষ্যতে আরও অপরাধ ও অরাজকতার ঝুঁকি বাড়াবে।”


কলা ও মানবিক অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী বলেন, “যেখানে আমরা আজ মানববন্ধন করছি, সেখানে অপ্রতিমের বাবাকে আদালতে ঘুরতে হচ্ছে। যত দিন এই বিচার নিষ্পত্তি না হবে, যত দিন আমরা অপ্রতিম হত্যার বিচার না পাব, তত দিন আমরা রাস্তায় দাঁড়াব। রাষ্ট্রের কর্ণধারদের দৃষ্টি আকর্ষণের জন্য শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। অপ্রতিম হত্যার ঘটনায় কোনো প্রহসনমূলক বিচার আমরা মানব না। হত্যাকারীদের সংশোধনাগারে পাঠিয়ে বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করাও মেনে নেব না।”


তিনি আরও বলেন, “বাংলা বিভাগ পরিবার প্রথম থেকেই এ ঘটনায় সোচ্চার রয়েছে। যত দিন অপ্রতিম হত্যার বিচার না হবে, যত দিন পর্যন্ত খুনিদের ফাঁসি না হবে, তত দিন আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে যাব।”


বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম মাওলা বলেন, “বাংলাদেশের বিচারব্যবস্থা নানাভাবে প্রশ্নবিদ্ধ। আমাদের সন্তানেরা মারা যাচ্ছে, কিন্তু আমরা এর যথাযথ বিচার পাচ্ছি না। একটি সুষ্ঠু সমাজ গড়ে তুলতে হলে বিচারপ্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। আইনশৃঙ্খলার এমন অবনতি আমরা চাই না। আমরা প্রশাসনের কাছে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।”


তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি তাঁদের দাবি, অপরাধীরা যেন আইনের ফাঁকফোকর কিংবা বয়সের অজুহাতে বিচার থেকে রেহাই না পায়।


এমকে/বিডিমেইল২৪