ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুরের নগরকান্দায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
সূত্রঃ সংগৃহীত
মো. জুয়েল কাজী, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা, পরিত্যক্ত পাত্র ও পানি জমে থাকা স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি বাড়ির আশপাশ, ড্রেন, নালা ও অন্যান্য স্থানে যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্রসহ যেসব স্থানে বৃষ্টির পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের মতে, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এমকে/বিডিমেইল২৪









