পঞ্চগড়ে সোলার প্রকল্পের সঙ্গে এগ্রোজোন ও সবুজায়নের উদ্যোগ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম
পঞ্চগড়ে সোলার প্রকল্পের সঙ্গে এগ্রোজোন ও সবুজায়নের উদ্যোগ

সূত্রঃ সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি


পঞ্চগড়ের দেবীগঞ্জে সৌরবিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক এগ্রোজোন ও সবুজায়ন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।


শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সম্ভাব্য বিনিয়োগ ও প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দেবীগঞ্জের প্রকল্প এলাকা পরিদর্শন করেন চীন, সিঙ্গাপুর ও দুবাইসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং দেশীয় ব্যবসায়ীদের একটি দল। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী প্রকল্পের সম্ভাবনা ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে কথা বলেন।


ফরহাদ হোসেন আজাদ বলেন, পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে আগামী ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এই বিদ্যুৎ উৎপাদন দেশের চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ এলাকার বিদ্যুৎ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, কৃষিভিত্তিক এগ্রোজোন ও সবুজায়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রকল্পে স্থানীয় জনগণের কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।


প্রকল্প এলাকা ঘুরে বিদেশি প্রতিনিধিরাও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, দেবীগঞ্জের জমি ও প্রাকৃতিক পরিবেশ বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। নিজ নিজ দেশে ফিরে পরিচালনা পর্ষদের সভায় প্রকল্পটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।


পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ও বিদেশি প্রতিনিধি দল পঞ্চগরের বন্ধ থাকা সুগার মিলও পরিদর্শন করেন।


এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহাবুব হোসেন, চীনের জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং, রিচটেকের সিইও শিয়াংহাই হান, সিঙ্গাপুরের প্রতিনিধি চুয়া সিন তাতসহ দেশি-বিদেশি প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এমকে/বিডিমেইল২৪