পরীক্ষাকেন্দ্রে যাওয়া হলো না নাফিসার, ক্রেনের ধাক্কায় প্রাণ গেল

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৬:২৬ পিএম
পরীক্ষাকেন্দ্রে যাওয়া হলো না নাফিসার, ক্রেনের ধাক্কায় প্রাণ গেল

সূত্রঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি


এইচএসসি পরীক্ষায় অংশ নিতে সকালে বাসা থেকে বের হয়েছিলেন নাফিসা নাওয়াল (১৮)। সঙ্গে ছিল অ্যাডমিট কার্ড, কলম আর ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন। তবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর আগেই পতেঙ্গার সড়কে ক্রেনের ধাক্কায় প্রাণ হারান এই তরুণী।


শনিবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত নাফিসা সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলীর বাড়ির বাসিন্দা মামুন মিয়া ও মুক্তা দম্পতির মেয়ে।


প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, সকালে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে নেভি হাসপাতাল গেটের বিপরীতে একটি দ্রুতগতির ক্রেনের সঙ্গে নাফিসার ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। আনয়নকারী ইন্টার্ন চিকিৎসক মারিয়া জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় নাফিসাকে হাসপাতালে আনা হয়েছিল।


চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে নাফিসাকে জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নাফিসার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। মেধাবী এই শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে পতেঙ্গা এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।


নিরাপদ সড়কের অভাবে আর কত প্রাণ ঝরে যাবে—নাফিসার মৃত্যুর পর সেই প্রশ্নই তুলছেন স্থানীয়রা।



এমকে/বিএম২৪