ফরিদপুরে তিন কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ
সূত্রঃ সংগৃহীত
মো. মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে তিনটি কার্টনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ডের অদূরে একটি কাঁচা রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটি একজন পুরুষের। তাঁর বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছর। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাশাপাশি থাকা তিনটি কার্টন উদ্ধার করে। পরে কার্টনগুলোর ভেতর থেকে বস্তাবন্দী ও অর্ধগলিত অবস্থায় মরদেহের ছয়টি খণ্ড পাওয়া যায়।
স্থানীয়দের দাবি, মরদেহের মাথা থেকে বুক, বুক থেকে কোমর এবং দুই পায়ের চারটি অংশ আলাদা অবস্থায় ছিল। এ ছাড়া দুই হাতের আঙুল কাটা এবং মাথার চামড়া তুলে ফেলার চিহ্নও দেখা গেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোনো স্থানে ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহটি গাড়িতে করে এনে ঘটনাস্থলে ফেলে রাখা হতে পারে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।
মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম মাসুদুজ্জামান জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমকে/বিডিমেইল২৪









