মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ৭৮ ব্যারেল অবৈধ সয়াবিন তেল উদ্ধার

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ৭৮ ব্যারেল অবৈধ সয়াবিন তেল উদ্ধার

সূত্রঃ বিডি মেইল

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি


বাগেরহাটের মোংলা পৌর শহরের প্রধান বাজারে একটি গোডাউনে অভিযান চালিয়ে ৭৮ ব্যারেল বা ১৫ হাজার ৬০০ লিটার অবৈধ অপরিশোধিত সয়াবিন তেল উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।


শনিবার দুপুরে মেসার্স শোভা স্টোরের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা অংশ নেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী।


কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ অপরিশোধিত সয়াবিন তেল মজুদের সন্ধান পাওয়া যায়। প্রাথমিকভাবে তেলগুলো অবৈধভাবে সংগ্রহ ও মজুদের অভিযোগ উঠেছে। স্থানীয় বাজারে এসব তেল সরবরাহ ও ভেজাল মেশানোর অভিযোগও তদন্তের আওতায় রয়েছে।


অভিযুক্ত ব্যবসায়ী সবুর তালুকদারকে এ সময় আটক করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি ও তাঁর সহযোগীরা অভিযানের সময় ঘটনাস্থল ত্যাগ করেন। উদ্ধার করা তেল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৮ ব্যারেল অবৈধ তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের অবৈধ মজুদ ও ভেজাল ঠেকাতে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা প্রয়োজন। একই ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এর আগেও অবৈধ তেল জব্দের ঘটনা ঘটেছিল বলে স্থানীয়ভাবে জানা গেছে। তাই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাজার তদারকি আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।


এমকে/বিডিমেইল২৪