শরীয়তপুরের ভেদরগঞ্জে মাদরাসা প্রধানের বিরুদ্ধে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার
সংগৃহীত
রবিউল মোল্লা,শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জে আবাসিক এক শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে একটি নুরানি হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের করা অভিযোগের ভিত্তিতে মাদরাসার প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহিষার ইউনিয়নের কাইচকুড়ি শেখ বাড়িতে আব্দুল্লাহ ইয়াসির নুরানি হাফেজিয়া মাদরাসাটি পরিচালিত হয়ে আসছে। মাদরাসাটিতে অর্ধশতাধিক শিশু আবাসিক থেকে পড়াশোনা করে।
অভিযোগে বলা হয়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে মাদরাসার একটি কক্ষে এক শিশুশিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করেন প্রধান শিক্ষক বোরহান উদ্দিন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়।
ঘটনার খবর পেয়ে শনিবার দুপুরে শিশুটির বাবা ভেদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত তথ্য ও দায় নির্ধারণ করা হবে।
এমকে/বিএম২৪









