‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’—ডেঙ্গু প্রতিরোধে মেয়র শাহাদাতের আহ্বান
সংগৃহীত
মোঃ কামাল উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে ‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’—এই স্লোগানকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।
পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন মেয়র।
তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম নগরীর ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোতে মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা এবং মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি করা হচ্ছে।
মেয়র বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই। সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হলেও বাসাবাড়ি ও আশপাশে পানি জমে থাকলে এডিস মশার বংশবিস্তার রোধ করা কঠিন। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
এডিস মশার প্রজননস্থল সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির পানির ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। এ ছাড়া ডাবের খোসা, পুরোনো টায়ার ও প্লাস্টিকের পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।
‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’ স্লোগানটি শুধু প্রচারণায় সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে অনুসরণের আহ্বান জানিয়ে মেয়র বলেন, প্রতি তিন দিন পরপর বাসাবাড়ি ও আশপাশে পানি জমেছে কি না, তা পরীক্ষা করতে হবে। একই সঙ্গে প্রতিবেশী ও আশপাশের মানুষকে সচেতন করতে হবে।
ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিন ও রাত—উভয় সময় মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে হবে। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ডেঙ্গু নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মেয়র বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জানা জরুরি। যাচাই না করে কোনো তথ্য প্রচার করা উচিত নয়।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন, ব্যবসায়ী সমাজ ও নগরবাসীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এমকে/বিএম২৪









