তারেক রহমানের সফর নিয়ে বিবৃতি, এক ঘণ্টায় প্রত্যাহার ভারতের

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৬:১৩ পিএম
তারেক রহমানের সফর নিয়ে বিবৃতি, এক ঘণ্টায় প্রত্যাহার ভারতের

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দেওয়া একটি বিবৃতি প্রকাশের প্রায় এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করেছে ভারত। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে প্রকাশিত ওই বিবৃতিতে সফরকে ঘিরে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রস্তুতির ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে পরে সেটি সরিয়ে নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ঘটনাটিকে ‘অস্বাভাবিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে।


ভারতের রাষ্ট্রপতির সচিবালয়ের বিবৃতিতে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানোর পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।


স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) বিবৃতিটি প্রকাশ করে। তবে এক ঘণ্টার মধ্যেই সেটি প্রত্যাহার করা হয়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা বা নয়াদিল্লির কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এরই মধ্যে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে। এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, আগস্টের তৃতীয় সপ্তাহে সফরটি হতে পারে।


গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিভিন্ন সংবাদমাধ্যমে উপস্থিতির কারণে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে চলমান আলোচনা জটিল হয়ে উঠেছে।



এমকে/বিএম২৪