বিমানের ভেতরেই গ্রেপ্তার ‘ককরোচ’ প্রধান, ভিডিও ভাইরাল

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পিএম
বিমানের ভেতরেই গ্রেপ্তার ‘ককরোচ’ প্রধান, ভিডিও ভাইরাল

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দেওয়ার আগে বিমানের ভেতর থেকে গ্রেপ্তার হয়েছেন তরুণদের আন্দোলন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে নয়াদিল্লিতে পৌঁছানোর পর এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ভেতর থেকে তাঁকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। এ সময় সিজেপির আরও কয়েকজন নেতাকেও আটক করা হয়।


বিমানের ভেতর থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের নারী সদস্যরা ৩০ বছর বয়সী দীপকেসহ সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে নিয়ে যাচ্ছেন। এ সময় দীপকে পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘আমি এখানে গ্রেপ্তার হতে এসেছি। আমাকে গ্রেপ্তার করুন। আমি আপনাদের ভয় পাই না।’


জবাবে পুলিশের এক সদস্য তাঁকে সহযোগিতা করার অনুরোধ জানান। পরে দীপকে নিজের ব্যাগ নেওয়ার কথা বলেন।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, সিজেপির তিন নেতাকে আলাদা স্থানে নিয়ে যাওয়া হয়েছে। দলের প্রতিষ্ঠাতা দীপকেকে গুরুগ্রামের একটি আটক কেন্দ্রে এবং সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে দিল্লির পৃথক স্থানে নেওয়া হয়েছে।


ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং ভোটার নিবন্ধনের ফরম-৬ সংক্রান্ত পরিবর্তন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে সিজেপি। এ দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছিল সংগঠনটি।


সিজেপির নেতাদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি। এক বিবৃতিতে গ্রেপ্তারের ঘটনাকে চলাফেরার স্বাধীনতার লঙ্ঘন উল্লেখ করে আটক নেতাদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।


গ্রেপ্তার ইউটিউবার ধ্রুব রাঠীও


সিজেপির বিক্ষোভে যোগ দিতে জার্মানি থেকে ভারতে আসা ইউটিউবার ধ্রুব রাঠীকেও শনিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ৩২ বছর বয়সী এই ইউটিউবারকে গুরুগ্রামের সেক্টর-৫৬ এলাকায় তাঁর বাসভবন থেকে আটক করা হয়। তাঁকে গ্রেপ্তারে দিল্লি পুলিশের প্রায় ৫০ জন সদস্য অভিযান চালান বলে জানা গেছে।


এ ছাড়া সিজেপির আইনবিষয়ক প্রধান রত্ন সিংও গ্রেপ্তারের অভিযোগ তুলে একটি ভিডিও প্রকাশ করেছেন। তাঁর দাবি, শনিবার সকালে দিল্লি পুলিশের সদস্যরা তাঁর বাড়িতে গিয়ে বাইরে বের না হওয়ার নির্দেশ দেন। পরে তাঁকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। তবে তাঁকে গ্রেপ্তারের কারণ জানানো হয়নি বলে ভিডিওতে অভিযোগ করেন তিনি।


বিক্ষোভের আগে সহস্রাধিক আটক, বন্ধ মেট্রো স্টেশন


সিজেপির বিক্ষোভ ঘিরে শনিবারের আগে ভারতের রাজধানীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাদের অভিযোগ, দলের শীর্ষ নেতাদের পাশাপাশি কর্মী-সমর্থকদেরও আটক করা হচ্ছে।


বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন এলাকায় শত শত ট্রেনের চলাচল বাতিল এবং বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লিতে পুলিশ ও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের (সিএপিএফ) ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, বিক্ষোভের অনুমতি চেয়ে গত ৭ অক্টোবর আবেদন জমা দিয়েছিল সিজেপি। নির্ধারিত সময়ের অন্তত ১০ দিন আগে আবেদন জমা দেওয়ার নিয়ম থাকলেও বিক্ষোভের মাত্র তিন দিন আগে আবেদন করায় অনুমতি দেওয়া হয়নি। এ ছাড়া আগের বিক্ষোভে নিয়ম লঙ্ঘনের বিষয়টিও অনুমতি না দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে পুলিশ।


এর আগে জাতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে সিজেপির অবস্থান কর্মসূচি ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। এবার প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে সংগঠনটি।


সূত্র: এনডিটিভি।


এমকে/বিএম২৪