যশোরে চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে ১০১ প্রতিমা, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
সংগৃহীত
মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
যশোরের চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে এবার প্রথমবারের মতো ১০১টি প্রতিমা স্থাপন করে বৃহৎ পরিসরে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। প্রতিমা স্থাপনের কাজ শেষ হওয়ার পর থেকেই মন্দির প্রাঙ্গণে ভিড় করছেন দর্শনার্থীরা। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে দূরদূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা আসছেন।
এ বছর যশোরের আটটি উপজেলায় মোট ৭৩৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ২৮টি। যশোর জেলা পূজা উদ্যাপন পরিষদ জানিয়েছে, জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৭৩৭টি মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
আগামী ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা।
চাঁচড়া বর্মণপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শিমুল বর্মণ জানান, প্রতিবছর এই প্রাঙ্গণে পূজা অনুষ্ঠিত হলেও এবার ১০১টি প্রতিমা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। বৃহৎ এ আয়োজন দেখতে দূরদূরান্তের বিভিন্ন জেলা থেকেও বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী আসবেন বলে তাঁরা আশাবাদী। আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৬০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ১৫ সদস্যের একটি কমিটি সার্বিক কার্যক্রম তদারকি করছে।
চাঁচড়া সর্বজনীন মন্দিরের সভাপতি তাপস বিশ্বাস বলেন, এই জনপদে এত বড় পরিসরে প্রতিমা স্থাপনের আয়োজন এবারই প্রথম। ইতোমধ্যে পূজার পুরোহিত ও বাদক দল চূড়ান্ত করা হয়েছে। প্যান্ডেলের দৃষ্টিনন্দন প্রবেশতোরণ ও মূল মঞ্চ নির্মাণের কাজও এগিয়ে নেওয়া হয়েছে।
প্রতিমা স্থাপনের কাজ শেষ হওয়ায় এখন চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। ১০১টি প্রতিমা ও আরতির আয়োজন ঘিরে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। মন্দির প্রাঙ্গণে এখনই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
প্রতিমা নির্মাণ ও স্থাপনের কাজ করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুন্ডুটিয়ার আকাশ মণ্ডল। তাঁর সঙ্গে কাজ করেছেন সূর্য মণ্ডল, আভরাম মণ্ডল ও দ্বীপ মণ্ডল। আকাশ মণ্ডল জানান, ২০১৪ সাল থেকে তিনি দেবী প্রতিমা নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন।
এদিকে, পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত জেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদারে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছেন, ভক্তরা যাতে নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এমকে/বিএম২৪









