ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৩১

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৮:০২ পিএম
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৩১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন।


শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের প্রথম নয় দিনে ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মারা গেছেন দুজন করে।


বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৬৩১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৮২ জনে।


এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৬২৭ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৭ জন।


বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৭০৩ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৪ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, খুলনা বিভাগে ১৮৪ জন, রাজশাহী বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৭৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সচেতনতা জরুরি।