রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৫:৩২ পিএম
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর ভাটারার বসুন্ধরা ১০০ ফুট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সাজ্জাদ হোসেন রাতুল (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।


শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে বসুন্ধরা ১০০ ফুট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।


নিহত রাতুলের বোন সম্পা আক্তার জানান, তাদের গ্রামের বাড়ি বনানী-মহাখালী মধ্যপাড়া এলাকায়। বর্তমানে রাতুল স্ত্রীকে নিয়ে বাড্ডার বেরাইদ এলাকায় থাকতেন। তিনি যমুনা ফিউচার পার্কের একটি কাপড়ের দোকানে কাজ করতেন। তার বাবার নাম মো. শাহজাহান গাজী।


সম্পা আক্তার আরও জানান, শুক্রবার সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে যমুনা ফিউচার পার্কে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন রাতুল। বসুন্ধরা ১০০ ফুট এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।


পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে স্বজনরা তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনার পর প্রাইভেটকার ও এর চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান নিহতের স্বজনরা।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানা-পুলিশ তদন্ত করছে।



এমকে/বিএম২৪