মোহাম্মদপুরে ওয়ান শুটারসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ এএম
মোহাম্মদপুরে ওয়ান শুটারসহ যুবক গ্রেপ্তার

সূত্রঃ বিডি মেইল

সিজান হোসেন, মোহাম্মদপুর প্রতিনিধি


রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার আগ্নেয়াস্ত্রসহ সাব্বির হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের সেক্টর-৭-এর ব্লক-জি এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, ৫১৬ নম্বর বাসার তৃতীয় তলার একটি শোবার ঘর থেকে সাব্বির হোসেনকে আটক করা হয়।


পুলিশের ভাষ্য, অভিযানে নেতৃত্ব দেন মোহাম্মদপুর থানার এসি পেট্রোল জিয়াউল হক শাহ ও পরিদর্শক (অপারেশন) মো. মফিজ উদ্দীন। এ সময় এসআই (নিরস্ত্র) মো. রকিবুল ইসলামসহ থানার অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


পুলিশ জানায়, অভিযান শেষে সাব্বির হোসেনের হেফাজত থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটার আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।


এ ঘটনায় গ্রেপ্তার সাব্বির হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।