দুই কন্যাকে নিয়ে সংগ্রামী অঞ্জনা সাহার জীবন, সরকারের কাছে একটি ঘরের আকুতি

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ এএম
দুই কন্যাকে নিয়ে সংগ্রামী অঞ্জনা সাহার জীবন, সরকারের কাছে একটি ঘরের আকুতি

সূত্রঃ বিডি মেইল

মো. জুয়েল কাজী, ফরিদপুর জেলা প্রতিনিধি


স্বামী নেই। নিজের এক ইঞ্চি জমিও নেই। মাথা গোঁজার মতো নিজের একটি ঘরও নেই। অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে দুই কন্যাসন্তানকে নিয়ে কোনোরকমে দিন কাটছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিধবা নারী অঞ্জনা সাহার।


অভাব-অনটনের সংসারে জীবন থেমে থাকেনি তাঁর। জীবিকার তাগিদে উপজেলার বিভিন্ন হাট-বাজারে শাপলা বিক্রি করেন তিনি। সেই সামান্য আয় দিয়েই দুই মেয়ের মুখে খাবার তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখেন অঞ্জনা।


তবে প্রতিদিনের সংগ্রামের পাশাপাশি সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে থাকার জায়গা। নিজের কোনো জমি না থাকায় অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে তাঁকে। কখন কোথায় থাকতে হবে, সেই অনিশ্চয়তার মধ্যেই দুই মেয়েকে নিয়ে দিন পার করছেন তিনি।


অঞ্জনা সাহার একটাই চাওয়া—নিজস্ব একটি ছোট ঘর। যেখানে দুই মেয়েকে নিয়ে নিরাপদে মাথা গোঁজার ঠাঁই হবে। একটি ঘরই তাঁর কাছে শুধু একটি আশ্রয় নয়, বরং জীবনের নিরাপত্তা ও ভবিষ্যতের স্বপ্ন।


অঞ্জনা সাহা বলেন, “সরকারের কাছে আমার একটি ঘরের দাবি। দুই মেয়েকে নিয়ে যেন একটু নিরাপদে থাকতে পারি।”


স্থানীয়দের প্রত্যাশা, অঞ্জনা সাহার মতো অসহায় ও ভূমিহীন পরিবারের পাশে দাঁড়াবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরকারের আশ্রয়ণ প্রকল্প বা গৃহনির্মাণ সহায়তার আওতায় তাঁকে একটি ঘর দেওয়া হলে দুই কন্যাকে নিয়ে তাঁর জীবনে কিছুটা স্বস্তি ফিরতে পারে।


অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিকতার পরিচয়। অঞ্জনা সাহা ও তাঁর দুই কন্যার বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।