ক্ষমতায় গেলেই ‘হাসিনা হওয়ার খায়েশ’ জাগে: মামুনুল হক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ এএম
ক্ষমতায় গেলেই ‘হাসিনা হওয়ার খায়েশ’ জাগে: মামুনুল হক

সূত্রঃ সংগৃহীত

রবিউল মোল্লা,শরীয়তপুর জেলা প্রতিনিধি


ক্ষমতায় গেলেই মানুষের মধ্যে ‘হাসিনা হওয়ার খায়েশ’ জেগে ওঠে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামের সামনে বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


আল্লামা মামুনুল হক বলেন, ‘যে-ই ক্ষমতায় যায়, সে-ই হাসিনা হতে চায়। ক্ষমতায় গেলেই মানুষের মধ্যে একটা হাসিনা হওয়ার খায়েশ জেগে ওঠে।’


তিনি বলেন, দেশের সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর কাছে কুক্ষিগত। রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই, তিনি একজন পুতুল। প্রধান বিচারপতির কাছেও কোনো ক্ষমতা নেই, তিনিও প্রধানমন্ত্রীর চাকরি করেন। বাংলাদেশের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর পায়ের নিচে ফেলে দেওয়া হয়েছে।


মামুনুল হক আরও বলেন, ‘এমন ক্ষমতা যদি একটা কাঠের পুতুলকেও দেওয়া হয়, দুই বছর পর সেও একজন হাসিনা হয়ে যাবে। এই জন্যই বাংলাদেশের ক্ষমতার মসনদে যে-ই যায়, সে-ই হাসিনা হয়ে যায়।’


তিনি বলেন, ‘আমরা চাই না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়া নতুন করে শেখ হাসিনায় পরিণত হোক।’


বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা সাব্বির আহমেদ উসমানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দবির হোসেন শেখের সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক ছিলেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমেদ হানজালা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুফতি নুর হোসেন নূরানী।


এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আব্দুর রব হাসেমী, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪