ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলাকে কেন্দ্র করে পিটিয়ে যুবক হত্যার অভিযোগ
সূত্রঃ সংগৃহীত
খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে রফিক মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের হামলায় তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এলাকার কয়েকজন যুবক মোবাইলে লুডু খেলছিলেন। খেলা দেখতে পাশে বসেছিলেন রফিক, সালমানসহ আরও কয়েকজন। খেলা চলাকালে ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে রফিক ও সালমানের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।
এ সময় উপর্যুপরি কিল-ঘুষি ও লাথির আঘাতে রফিক গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে মাটিতে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তামিমা রহমান তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, প্রতিদিনই এলাকার যুবকেরা ওই স্থানে বসে খেলাধুলা করতেন। এ নিয়ে আগে কারও কোনো আপত্তি ছিল না।
রফিক মিয়া মৃত লোকমান মিয়ার ছেলে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









