শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের প্রতিবাদ

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১২:২৭ পিএম
শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের প্রতিবাদ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে সরকারের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সংগঠনটি।


শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী এ প্রতিবাদ জানান।


বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এ সিদ্ধান্তে দেশের আলেম-উলামা ও তাওহীদি জনতার পক্ষ থেকে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়েছে।


হেফাজতের নেতারা বলেন, এর আগে ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’-এর সংবাদ সম্মেলনে শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। তাদের দাবি, তিনি প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনার বিরোধী মতাদর্শে বিশ্বাসী।


বিবৃতিতে আরও বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটি অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র। এ মন্ত্রণালয়ের দায়িত্ব ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং আলেম সমাজের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির হাতে দেওয়া উচিত। এর পরিবর্তে বিতর্কিত কাউকে দায়িত্ব দেওয়া হলে ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত লাগতে পারে।


হেফাজতে ইসলাম সতর্ক করে বলেছে, কওমি আলেম সমাজ ও তাওহীদি জনতার অবদান ও পরামর্শ উপেক্ষা করে এ সিদ্ধান্ত বহাল রাখা হলে সরকারের সঙ্গে আলেমদের সম্পর্ক ও পারস্পরিক আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।


সংগঠনটি সরকারের কাছে শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের জোর দাবি জানিয়েছে।




এমকে/বিএম২৪