বিশ্বকাপে বিশৃঙ্খলা, বড় শাস্তি পেল আর্জেন্টিনা
সূত্রঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠের অপ্রীতিকর ঘটনায় কঠোর শাস্তির মুখে পড়েছে আর্জেন্টিনা। ফিফার শৃঙ্খলা কমিটি দেশটির মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। সতীর্থ নাহুয়েল মোলিনাকে নিষিদ্ধ করা হয়েছে সাত ম্যাচ।
শুক্রবার (২১ আগস্ট) এই শাস্তির ঘোষণা দেয় ফিফা। পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার মার্কিন ডলার করে জরিমানাও করা হয়েছে।
ফাইনাল শেষে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও দলের কর্মকর্তারা। স্পেনের জয়ের উদযাপনের সময় ম্যাচসেরা রদ্রিকে লক্ষ্য করে মোলিনা ঘুষি ছোড়েন বলেও অভিযোগ রয়েছে।
এই ঘটনার দায়ে আর্জেন্টিনাকে পরবর্তী দুটি ম্যাচে ৫০ শতাংশ দর্শক নিয়ে মাঠে নামতে হবে। তবে এর মধ্যে একটি ম্যাচের শাস্তি স্থগিত রাখা হয়েছে।
এ ছাড়া ফিফার শৃঙ্খলা বিধির একাধিক ধারা ভঙ্গের দায়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে মোট ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ডলার বৈষম্যবিরোধী কর্মসূচিতে ব্যয় করতে হবে। আরও ১ লাখ ডলারের জরিমানা স্থগিত রাখা হয়েছে।
ইংল্যান্ডকে সেমিফাইনালে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ লেখা ব্যানার প্রদর্শনের ঘটনাও শাস্তির আওতায় এসেছে। ফিফার মতে, ওই ঘটনা অ-খেলাধুলাসংক্রান্ত প্রদর্শন, দলীয় অসদাচরণ এবং বৈষম্যমূলক আচরণের সঙ্গে সম্পর্কিত।
ফাইনালের পরের ঘটনায় স্পেনের গাভি ও আর্জেন্টিনার থিয়াগো আলমাদাকে এক ম্যাচ করে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দুজনকেই ৩০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে। আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকে দেওয়া হয়েছে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা।
ফিফা জানিয়েছে, এসব নিষেধাজ্ঞা শুধু আন্তর্জাতিক ম্যাচে কার্যকর হবে।
এমকে/বিএম২৪









