কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ পর্যটক

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১২:৩৩ পিএম
কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ পর্যটক

সূত্রঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি



কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনায় ৩০ যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজারের রামু উপজেলার কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের দ্রুত নামিয়ে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।


প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরুর কিছুক্ষণ পর বাসের ভেতর পোড়া গন্ধ পাওয়া যায়। পরে যাত্রীরা আগুন দেখতে পান। মুহূর্তেই বাসে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে এসে জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন। পরে বাসের ভেতরে থাকা যাত্রীদের মালামালও উদ্ধার করে তাদের বুঝিয়ে দেওয়া হয়।


খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হতে পারে।


বাসের যাত্রী সোহেল রানা জানান, পরিবারের সাত সদস্যসহ তিনি কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। স্থানীয়দের দ্রুত সহায়তার কারণে তারা নিরাপদে বাস থেকে বের হতে পেরেছেন।


আরেক যাত্রী মোহাম্মদ আলী বলেন, প্রথমে বাসের ভেতরে পোড়া গন্ধ পাওয়া যায়। এরপর আগুন দেখা গেলেও চালক বা সহকারী শুরুতে বিষয়টি জানাননি। দ্রুত বের হয়ে আসতে পারায় তারা রক্ষা পেয়েছেন।


রামু হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক মোহাম্মদ পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত যাত্রীদের নিরাপদে বাস থেকে বের করে আনা সম্ভব হয়।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরে যাত্রীদের বিকল্প পরিবহনের ব্যবস্থা করে ঢাকায় পাঠানো হয়েছে। তবে আগুন লাগার বিষয়ে বাস কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



এমকে/বিএম২৪