আমতলীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৭:১৯ পিএম
আমতলীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

আমতলী (বরগুনা) প্রতিনিধি:



বরগুনার আমতলীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজাসহ সালমা আক্তার (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৩টার দিকে আমতলী থানার হলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চিলা এলাকায় তার স্বামীর বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধারে আমতলী থানার একটি দল পশ্চিম চিলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন হাওলাদার। এ সময় পুলিশের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।


অভিযানকালে একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা সংরক্ষণের অভিযোগে সালমা আক্তারকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার সালমা আক্তার পশ্চিম চিলা এলাকার মো. ফারুক খানের স্ত্রী এবং মোহাম্মদ আলীর মেয়ে।


আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সালমা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দের ব্যবস্থা নেওয়া হয়েছে।


পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন, সংরক্ষণ ও সেবনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।



এমকে/বিএম২৪