হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯১৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯ জনে।


শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৫৫ জন রোগী ভর্তি হয়েছেন।


বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৭৭ জন, রাজশাহীতে ৫৫, সিলেটে ১২১, চট্টগ্রামে ২০০, বরিশালে ৬০, ময়মনসিংহে ৩৭, খুলনায় ৩১ এবং রংপুরে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ২০২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৪ হাজার ৪৬৫ জন।


এ ছাড়া একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনে। তাদের মধ্যে ২০ হাজার ৬ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।


এমকে/বিএম২৪