ঢাকার বাইরে প্রথমবার চবিতে কে এম মোহসীন স্মারক বক্তৃতা

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ এএম
ঢাকার বাইরে প্রথমবার চবিতে কে এম মোহসীন স্মারক বক্তৃতা

সূত্রঃ সংগৃহীত

আহমেদ মুনহা,চবি প্রতিনিধি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো প্রফেসর ড. কে এম মোহসীন স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার বাইরে এবারই প্রথম এ স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।


ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং ইতিহাস বিভাগের যৌথ আয়োজনে বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়।


প্রভাষক আহমদ ইমরানুল আজিজ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মোরশেদুল আলম।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস একাডেমির সভাপতি প্রফেসর ড. শরীফ উদ্দিন আহমেদ ও বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. রোকন উদ-দৌলা। স্বাগত বক্তব্য দেন ইতিহাস একাডেমির সহসভাপতি প্রফেসর ড. এ. কে. এম. শাহনাওয়াজ।


অনুষ্ঠানে ‘মাজাল্লাতুল আদীব লি আজিল্লাতিস সুন্দীব : বাংলাদেশে আরবি ভাষায় প্রণীত একমাত্র স্থানীয় ইতিহাস গ্রন্থের মূল্যায়ন’ শীর্ষক স্মারক বক্তব্য দেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।


এ সময় প্রফেসর ড. কে এম মোহসীনের জীবনবৃত্তান্ত পাঠ করেন ইতিহাস একাডেমির সহসম্পাদক ড. মো. কামরুজ্জামান। স্মারক বক্তা প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকীর জীবনী পাঠ করেন চবি বাংলাদেশ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন।


সভাপতির বক্তব্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মোরশেদুল আলম বলেন, ‘এসব একাডেমিক আয়োজনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, লেখক ও গবেষকরা সমৃদ্ধ হয়েছেন। ভবিষ্যতে এ ধরনের স্মারক বক্তৃতা, সেমিনার ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের মাধ্যমে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগসহ বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চা ও গবেষণার উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।’


অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ ধরনের একাডেমিক আয়োজন বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চা ও গবেষণার পরিধি বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে অবস্থান উন্নত করতে এবং একাডেমিক উৎকর্ষ অর্জনে অর্থবহ ভূমিকা রাখবে।


অনুষ্ঠানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, ইতিহাস একাডেমির সাধারণ সম্পাদক ড. মো. শাহিনুর রশীদ, ড. এস এম মোস্তাফিজুর রহমান, ড. ফজিলাতুনন্নেছা, মিলি রহমান, মাসুম খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪