প্রতিমন্ত্রীর সিল-স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মোংলায় আটক ১
সূত্রঃ ছবি: বাংলাদেশ মেইল
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম, পদবি ও স্বাক্ষর জাল করে তদবির চালানোর অভিযোগে মো. কামরুজ্জামান টুকু (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার দিবাগত গভীর রাতে উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত একটি সিল এবং একটি স্ট্যাম্প প্যাড উদ্ধার করা হয়েছে।
আটক কামরুজ্জামান টুকু হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।
মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম জানান, প্রতিমন্ত্রীর পরিচয় ব্যবহার করে অবৈধ তদবির ও প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তদন্ত শুরু করা হয়। তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মোংলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









