মোংলায় অসহায় ১ হাজার ৪০০ পরিবারের পাশে বাঙ্গালী ফাউন্ডেশন
সূত্রঃ সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাগেরহাটের মোংলায় ১ হাজার ৪০০ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে গরুর মাংস বিতরণ করেছে ঢাকার বাঙ্গালী ফাউন্ডেশন। কর্মসূচিতে প্রত্যেক পরিবারকে এক কেজি করে মাংস দেয়া হয়।
বুধবার বিকেলে মোংলা পৌর শহরের আলিয়া মাদ্রাসা মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত অসহায় নারী-পুরুষের হাতে মাংস তুলে দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় সংগঠনের স্থানীয় প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, কর্মসূচির জন্য মোট ১৫টি গরু জবাই করা হয়। পরে নির্ধারিত তালিকা অনুযায়ী সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মধ্যে মাংস বিতরণ করা হয়।
এ সময় অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সমাজের একটি অংশ যখন নানা সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় খাবার থেকে বঞ্চিত হয়, তখন তাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। সামর্থ্যবান মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে সমাজে বৈষম্য কমিয়ে একটি মানবিক পরিবেশ তৈরি করা সম্ভব।
তিনি আরও বলেন, মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যে যে তৃপ্তি রয়েছে, তা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও চালু রাখার কথা জানান তিনি।
বাঙ্গালী ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্নআয়ের পরিবারগুলো বাড়তি চাপের মধ্যে রয়েছে। তাদের খাদ্য ও পুষ্টির চাহিদার কথা বিবেচনা করেই মাংস বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষদের উৎসবের আনন্দের অংশীদার করাও ছিল কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
মাংস হাতে পেয়ে স্থানীয় অসহায় পরিবারের সদস্যরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। তারা এমন উদ্যোগ নিয়মিত আয়োজনের পাশাপাশি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।









