মোংলায় মাছ দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন শিকদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট দুপুরে মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার একটি মাছের ঘেরের কাছে যায় ওই কিশোরী। এ সময় সুমন তাকে মাছ দেওয়ার কথা বলে ঘেরের নির্জন একটি স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ কারণে ভয়ে কিশোরী কয়েক দিন বিষয়টি গোপন রাখে। পরে অসুস্থ হয়ে পড়লে তার মামি বিষয়টি জানতে চান। একপর্যায়ে কিশোরী তার কাছে ঘটনার কথা জানায়।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে শুক্রবার মোংলা থানায় অভিযোগ করেন। ভুক্তভোগীর মামা শিপন বাদী হয়ে থানায় মামলা করেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, মামলার পর অভিযুক্ত সুমন শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে শনিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।









