রাজশাহীতে পাঁচ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন
সূত্রঃ সংগৃহীত
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে পাঁচ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর দামকুড়া থানাধীন দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৫টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৬০০ থেকে ৬৫০ জন অংশ নেন। এতে রাজশাহী জেলার নয়টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট স্কাউট কর্মকর্তা, শিক্ষক ও প্রশিক্ষকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলার সভাপতি কাজী শহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কাব স্কাউট লিডার নেসার আহমেদ, বাংলাদেশ স্কাউটস রাজশাহী জেলার কমিশনার ও সপ্তম রাজশাহী জেলা কাব ক্যাম্পুরির ডেপুটি ক্যাম্প চিফ মো. মাহমুদুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী জেলার সহ-সভাপতি এ.কে.এম আনোয়ার হোসেন, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের এলটি কমিশনার মো. নূরুল ইসলাম এবং পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস পবা উপজেলার সভাপতি মো. ইবনুল আবেদীনসহ সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, স্কাউটিং শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাব ক্যাম্পুরির মতো আয়োজনের মাধ্যমে শিশুরা আনন্দের পাশাপাশি বাস্তব জীবনের বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ পায়। এসব কার্যক্রম তাদের ভবিষ্যতে দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
তারা আরও বলেন, শিশুদের মেধা ও সৃজনশীল বিকাশে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও গুরুত্বপূর্ণ। কাব ক্যাম্পুরির মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব ও শৃঙ্খলাবোধ তৈরির সুযোগ সৃষ্টি হয়।
আয়োজকেরা জানান, কাব স্কাউটদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে পাঁচ দিনের ক্যাম্পুরির কর্মসূচি সাজানো হয়েছে। কাব স্কাউটদের ১৩টি সংকল্পকে পাঁচটি ভাগে ভাগ করে বিভিন্ন শিক্ষামূলক, আনন্দদায়ক ও চ্যালেঞ্জিং কার্যক্রম রাখা হয়েছে।
প্রথম দিনের উদ্বোধনী কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ক্যাম্পুরিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি অব্যাহত রয়েছে।
এমকে/বিএম২৪









