রোববার বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, পাবেন গার্ড অব অনার
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে যাবেন। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করবে।
রাষ্ট্রপতির কার্যালয় সূত্র জানিয়েছে, রোববার বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন মির্জা ফখরুল।
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে সরাসরি ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তার বিজয় ঘোষণা করেন।
এরপর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।
শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি লিখে স্বাক্ষর করেন। তার সফর ঘিরে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
এমকে/বিএম২৪








