ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১১:৫৫ পিএম
ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু

সূত্রঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি


ফরিদপুর শহরে নিজ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গোয়ালচামট খোদাবক্স রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। ছুটিতে বৃহস্পতিবার তিনি কর্মস্থল থেকে বাড়িতে আসেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে চারতলা ভবনের ছাদে বিদ্যুতের কাজ করার সময় ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে আবীর হোসেনও বিদ্যুতের সংস্পর্শে আসেন।


পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।


ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



এমকে/বিএম২৪