কাঙ্ক্ষিত ফল না পেয়ে রাজশাহী বোর্ডে ৯৮ হাজার খাতা পুনঃমূল্যায়নের আবেদন
সূত্রঃ ফাইল ছবি
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল নিয়ে অসন্তোষের প্রতিফলন ঘটেছে খাতা পুনঃনিরীক্ষণের আবেদনে। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার রেকর্ডসংখ্যক ৯৮ হাজার ৭১০টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন শিক্ষার্থীরা। এর মধ্যে ইংরেজি ও গণিত বিষয়ে আবেদন সবচেয়ে বেশি পড়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন। তিনি জানান, কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় শিক্ষার্থীরা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর আট জেলার ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ১২ হাজার ৮৬ জন। পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ১১৩ জন।
বোর্ড সূত্রে জানা যায়, গত সাত বছরের মধ্যে এবারই রাজশাহী বোর্ডে এসএসসির ফল সবচেয়ে খারাপ হয়েছে। ২০২০ সালে যেখানে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ, সেখানে ছয় বছরের ব্যবধানে তা ২৬ দশমিক ৭০ শতাংশীয় পয়েন্ট কমে ৬৩ দশমিক ৬৭ শতাংশে নেমেছে।
গত ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ১৭ আগস্ট পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ ছিল। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৯৮ হাজার ৭১০টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন বলেন, ইংরেজি ও গণিত বিষয়ে আবেদন সবচেয়ে বেশি হয়েছে। তবে বিষয়ভিত্তিক কোড অনুযায়ী আবেদন নেওয়া হওয়ায় এ মুহূর্তে নির্দিষ্ট করে কোনো বিষয়ে কতটি আবেদন পড়েছে, তা বলা সম্ভব নয়।
ফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফলাফল নিয়ে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দেয়। বিপুলসংখ্যক খাতা পুনঃনিরীক্ষণের আবেদন সেই অসন্তোষেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।









