কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১১:৩৪ পিএম
কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি

সূত্রঃ সংগৃহীত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি


কুড়িগ্রামের প্রখ্যাত গীতিকার, কণ্ঠশিল্পী, ভাওয়াইয়া যুবরাজ ও বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২২ আগস্ট) বিকেলে উলিপুর উপজেলার নতুন অনন্তপুরে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি প্রাঙ্গণে ভাওয়াইয়া পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


ভাওয়াইয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কছিম উদ্দিন ভাওয়াইয়া গানের একজন গুরুত্বপূর্ণ ধারক-বাহক ও গীতিকার। তাঁর জীবনী নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। কছিম উদ্দিনকে নিয়ে প্রকাশিত বইগুলো সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাঁর জীবন ও সৃষ্টিকর্ম সম্পর্কে জানতে পারে।


স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং বঙ্গভাষা ও লেখক স্মৃতি জাদুঘরের প্রতিষ্ঠাতা, শিশুসাহিত্যিক ও গীতিকার তৌহিদ উল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমার বিশ্বজিৎ বর্মন।


বক্তারা কুড়িগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি কছিম উদ্দিনের লেখা ভাওয়াইয়া গান ও তাঁর সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দেশের মানুষের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে কছিম উদ্দিন অসংখ্য গান রচনা করেছেন। তাঁর গান ও সৃষ্টিকর্ম কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।


বক্তারা আরও বলেন, ভাওয়াইয়া শুধু গান নয়, এটি উত্তরাঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। এ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সরকারি-বেসরকারি পর্যায়ে নিয়মিত উদ্যোগ নেওয়া জরুরি।


স্মরণসভা শেষে কছিম উদ্দিনের লেখা বিভিন্ন ভাওয়াইয়া গান পরিবেশনের মধ্য দিয়ে সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীসহ স্থানীয় অনেক গুণী শিল্পী অংশ নেন।



এমকে/বিএম২৪