মোরেলগঞ্জে শিশুকে রেখে ঢাকায় মা, প্রশাসনের হেফাজতে দুই বছরের শিশু

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১১:২৯ পিএম
মোরেলগঞ্জে শিশুকে রেখে ঢাকায় মা, প্রশাসনের হেফাজতে দুই বছরের শিশু

সূত্রঃ সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি


বাগেরহাটের মোরেলগঞ্জে সড়কের পাশে দুই বছরের এক শিশুকে রেখে তার মা ঢাকায় চলে গেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বারইখালী ইউনিয়নের জেলেপাড়া এলাকায় কান্নারত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা।


স্থানীয়রা জানান, ১৪ নম্বর বারইখালী ইউনিয়নের একটি ইটভাটার পাশে শিশুটিকে একা পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে দাদির কাছে নিয়ে যাওয়া হলেও তিনি শিশুটির দায়িত্ব নিতে রাজি হননি। বিষয়টি জানানো হলে প্রশাসন শিশুটির দায়িত্ব নেয়।


পরে স্থানীয়রা শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহর বাসভবনে নিয়ে গেলে তিনি সাময়িকভাবে শিশুটির তত্ত্বাবধানের ব্যবস্থা করেন। শিশুটির খাবার, পোশাক ও নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হয়।


প্রশাসনের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, শিশুটির বাবা মো. পলাশ ও মা মিতু আক্তারের প্রায় তিন মাস আগে বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপর থেকেই শিশুটির দায়িত্ব নেওয়া নিয়ে পারিবারিক জটিলতা তৈরি হয়।


ইউএনও শিশুটির বাবার সঙ্গে যোগাযোগ করলে তিনি কর্মস্থলের বাইরে থাকার কথা জানান। প্রশাসনের উদ্যোগে আগামী সোমবার তিনি উপস্থিত হয়ে সন্তানের দায়িত্ব নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন।


এর মধ্যে শিশুটিকে তার ফুফু রেসমা খাতুনের কাছে সাময়িকভাবে দেওয়া হয়েছে। শিশুটির প্রাথমিক ভরণ-পোষণের জন্য তাকে তিন দিনের আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।


ইউএনও জানান, সোমবার শুনানির পর শিশুটির আইনগত অভিভাবকত্ব ও নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি শিশুটিকে ফেলে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, সেটিও যাচাই করা হচ্ছে।




এমকে/বিএম২৪